ঝিনাইদহে সারোয়ার-তামিম গ্রুপের সদস্য গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৪:২৯
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের বিসিকপাড়া থেকে জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী লিমনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত পৌনে ১টায় র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। 
 
র‌্যাব-৬ এর কমান্ডার এডিশনাল ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম আজ রবিবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত লিমনের নেতৃত্বে পোগাহাটি গ্রামের বিলের ভেতর জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো।  
 
তিনি বলেন,  ১৮মে ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের একটি জঙ্গি আস্তানায় র‌্যাব অভিযান চালায়। সেখান বিস্ফোরক, সুইসাইডাল ভেস্ট ও অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে ১৬ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ থানাতে মামলা করা হয়। এ মামলায় লিমন এজাহারভুক্ত আসামি। লিমনের আগে এ মামলায় র‌্যাব আরও ১০ জন জঙ্গিকে গ্রেফতার করে। তাদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।  জে এম বি সারোয়ার তামিম গ্রুপের এ অঞ্চলের আমিরের ডান হাত হিসাবে লিমন কাজ করে আসছে। ঝিনাইদহ এলাকায় ২০-২২ জন জেএমবি সদস্য আছে বলে তিনি জানান। ১১ জন সক্রিয় জঙ্গি র‌্যাবের হাতে ধরা পড়ার পর অন্যরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
 
এ মামলায় আগে গ্রেফতারকৃত জঙ্গিরা হলেন, প্রান্ত হোসেন, সেলিম রেজা, আব্দুল লতিফ, কাওসার জিন্নুরাইন লাল্টু,  মো. শহিদুজ্জামান শাহিন,  মো. সাহেব আলি, আলামিন ইসলাম, রানা আহমেদ, মো. মনোয়ার হোসেন ও মো. আশরাফুল ইসলাম।  
 
ইত্তেফাক/এমআই