সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিথযশা চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে মানিকগঞ্জের ঘিওরে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন-আলোচনাসভা-র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, ঢাকা-মানিকগঞ্জ- পাটুরিয়া রেল লাইন চাই ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, ঘিওর প্রেসক্লাব, বারসিক, সেচ্ছাসেবী সংগঠন বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, তারেক মাসুদ মিশুক মনির স্মৃতি সংসদ, সুজন, সোলধারা অগ্রগতি সংঘ, জাগো বাংলা, কাকজোর গোল্ডেন স্পোর্টিং ক্লাব, বৈন্যা উল্কা ক্লাব, মীর আবুল হোসেন স্মৃতি সংসদ, সাবিস, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে।
সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রথমে তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নিরাপদ সড়ক ও রেল লাইন স্থাপনের দাবিতে মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক ইকবাল হোসেন কচি, বারসিক জেলা সমন্বয়কারী বিমল রায়, সাংবাদিক বিএম খোরশেদ, রিপন আনসারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ।
পরে স্থানীয় জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখতে তারেক মাসুদ ও মিশুক মুনীর সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার বিভিন্ন স্পট দেখে ঢাকায় ফেরার পথে জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
ইত্তেফাক/মোস্তাফিজ
