জামালপুরে বন্যা পরিস্থিতির চরম অবনতি

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৮:৪১
জামালপুরে বন্যার পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৫৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
জামালপুর পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ,  ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা বিস্তৃর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। ক্রমশই পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। উলিয়া-ইসলামপুর, ইসলামপুর-গুঠাইল ও গুঠাইল-মলমগঞ্জ এবং মেলান্দহ-মাহমুদপুর সড়ক বন্যা কবলিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বন্যায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার যমুনার তীরবর্তী এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
 
এ ব্যাপারে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বন্যার্তদের জন্য ১০ মেট্রিক টন চাল ও নগদ ১০ হাজার টাকা এবং ইসলামপুর উপজেলার বন্যার্তদের জন্য ১৫ মেট্রিক টন চাল নগদ ১০ হাজার টাকা বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি