নির্মাণ কাজ ২২ বছর আগে শেষ হলেও এখনো চালু হয়নি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল বিরাজপুর ও ঠেংগামারা গ্রামের সংযোগ ব্রিজটি। নির্মাণের পরে ব্রিজের গোড়ায় মাটি দিয়ে ভরাট না করায় মানুষ ব্যবহার করতে পারছে না। ওই দুই গ্রামের হাজার হাজার মানুষসহ বিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিরাজপুর ও ঠেংগামারা গ্রামের সাথে সংযোগ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল ১৯৯৫ সালে। তার পর থেকেই ঘোরায় মাটি ভরাট করা হয় নি। বাঁশের সাকো দিয়ে তাদের পারা পার করতে হচ্ছে। দিন যায় বছর যায় কিন্তু তাদের সমস্যা সমাধান হয় না এমন অভিযোগ দুই গ্রামবাসীর।
উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, দীর্ঘ ২২ বছর ধরে ব্রিজের দুই পাশে মাটি নেই। এতে আমাদেরও চলাচলের অনেক অসুবিধা হয়। ব্রিজটির গোড়ায় মাটি দিতে গেলে অনেক টাকা খরচ হবে। রাস্তার চাইতে ব্রিজটি অনেক উঁচু এর চাইতে মাটি ফেলার এ টাকা দিয়ে নতুন আরেকটি ব্রিজ দেওয়া যাবে। আমি এক বছর যাবত আসলেও কোনো উন্নতি দেখছিনা। এখন একটি কাজ করা যেতে পারে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে একটি কালভার্ট নির্মাণ করা যেতে পারে। তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা ব্রিজটির ব্যাপারে উপরিস্থ কোনো কর্মকর্তার কাছে কোনো লিখিত আবেদন এখন পর্যন্ত জানা যায়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ জানান, ব্রিজের গোড়ায় মাটি ভরাটের জন্য আমি স্থানীয় চেয়ারম্যানকে গত মাসে অর্থ বরাদ্দ দিয়েছি। কিন্তু এখনো ভরাট হয়নি বিষয়টি খতিয়ে দেখছি।
ইত্তেফাক/জামান
