চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে তারেক মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুস্পস্তবক অর্পন ও স্মরণ সভা এবং চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও তারেক মাসুদ-মিশুক মুণীর চলচ্চিত্র সংসদ এর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন এ্যাপোলো নওরোজ। এ সময় বক্তব্য রাখেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ, ভাঙ্গা সরকারি কেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, মাদারীপুরের শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল আশরাফ, স্কুল ছাত্র অঙ্কুর ভৌমিক।
তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, নতুন প্রজন্মের কাছে তারেক মাসুদের ভাবনা পৌছে দেয়া আমাদের সকলের দায়িত্ব। তারেক আপনাদের নিয়ে ভাবত, এখন তারেককে নিয়ে আপনারা ভাবেন। এখন ফরিদপুর ও ভাঙ্গার নুরপুরের মানুষ তারেককে নিয়ে গর্ববোধ করে। এই জন্য আমার বড় স্বপ্ন তারেক সমাধিচত্বরে তারেকের স্মরণে তারেক স্মৃতিকেন্দ্র করা হবে।
তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ বলেন, আমি তারেকের সমাধি নিয়েই বেঁচে আছি। সবাই তারেকের উদ্দেশ্যে আমার কাছে আসে। এটাই আমার সান্ত্বনা।
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ভাঙ্গায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্ত্রী ক্যাথরিন মাসুদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী হয়, সন্ধ্যা ৭ টায় মাটির ময়না চলচ্চিত্র প্রদর্শনী হবে।
২০১১ সালের এই দিনে কাগজের ফুল চলচ্চিত্রের শ্যুটিং স্পট দেখে মানিকগঞ্জ থেকে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা নামক স্থানে একটি বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের সংর্ঘষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মুনিরসহ পাঁচজন নিহত হন।
ইত্তেফাক/ইউবি
