পণ্য চালানের শুল্ক ফাঁকি দিয়ে খালাশ নেয়ার অভিযোগে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট গনি অ্যান্ড সন্সকে শোকজ করা হয়েছে।
জানা যায়, বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা দুই কোটি টাকা মূল্যের ক্যাপিটাল মেশিনারিজ'র একটি চালান বন্দরের ওপেন ইয়ার্ড টিটি-১ থেকে শুল্ক গোয়েন্দা আটক করার পর এ পণ্য চালানটি পুনরায় পরীক্ষণ করেন শুল্ক গোয়েন্দা ও কাস্টম হাউসের স্পেশাল এ্যাসেসমেন্ট গ্রুপের কর্মকর্তারা।
৩ আগস্ট ২০১৭ তারিখে এক যৌথ পুনঃপরীক্ষণ প্রতিবেদনে এ গ্রুপের দায়িত্বরত ডেপুটি কমিশনার মারুফুর রহমান ৭ আগস্ট জানান আটক পণ্য চালানটির আমদানিকারক নারায়ণগঞ্জের মোহাম্মাদীয়া স্টিল ওয়ার্কস লিমিটেড। এ আমদানিকারক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক ফার্নেস নামে ৮০ প্যাকেজ মালামাল আমদানি করেন। পণ্য চালানটির পণ্যর ওজন ও এইচ এস কোডের ব্যাপক গরমিল পাওয়া যায়। যা মিথ্যা ঘোষণা প্রমাণিত হয়।
পুনরায় চালানটির কায়িক পরীক্ষা করে আমদানিকারকের ঘোষণা অনুযায়ী ২শ' কেজি ট্রান্সফরমার অয়েল এর স্থলে ৮শ' ৩৬ কেজি এবং ৫০ কেজি লুব্রিকেন্ট এর স্থলে ২৫ হাজার ২০ কেজি গ্রিজ বেশি পাওযা যায়। আটককৃত পণ্যের মূল্য প্রায় দুই কোটি টাকা এবং শুল্ক ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকা। পণ্য চালানটি মাত্র ১২ লাখ টাকা শুল্ক পরিশোধ করে বন্দর থেকে গোপনে খালাশ নিয়ে যাচ্ছিল সিএন্ডএফ এজেন্ট গনি অ্যান্ড সন্স।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকাত হোসেন জানান, পন্যচালানটি শুল্ক ফাঁকি দিয়ে খালাশ নেয়ার অভিযোগে সংশ্লিস্ট সিএন্ডএফ এজেন্ট গনি এন্ড সন্সকে শোকজ করা হয়েছে। তাছাড়া শুল্ক ফাঁকির সাথে জড়িতদের এবং সহায়তা কারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জামান
