আগুন দেখার ‘মজা’
‘দোস্ত, খবর শুনছ নাকি
লাগছে আগুন আবার?’
দোস্ত বলে, ‘আবার আগুন?
বিষয়টা তো ভাবার!’
আবুল বলে, ‘আঁতলামি রাখ,
কীসের ভাবাভাবি?
চল না গিয়ে আগুন দেখি,
বল না মামা যাবি?
ফেসবুকে লাইভ করব আবার
তুলব ক’টা পিক’
দোস্ত বলে, ‘এসব জা’গায়
ভিড় বাড়ানো ঠিক?
ফায়ার ব্রিগেড এবং ধর ওই
হাসপাতালের গাড়ি—
রাস্তা ওদের আটকে দেওয়া
বড্ড বাড়াবাড়ি?
তারপরে ধর দুর্ঘটনার
থাকে প্রচুর ঝুঁকি
জেনেশুনে কী জন্য বল
ওই বিপদে ঢুকি?’
আবুল বলে, ‘থাক তবে তুই
যাচ্ছি আমি একা
ফেসবুকে তুই লগিন থাকিস
লাইভে হবে দেখা!’
তারপরে কী? আবুল গেল
দুর্ঘটনাস্থলে
বন্ধুটি তার হতাশ হয়ে
বাসায় ফিরে চলে।
সর্বশেষ :
ওপর থেকে রড পড়েছে
আবুল মিয়ার হেডে
আবুল এখন সেল্ফি তোলে
হাসপাতালের বেডে।
ইলিশের ভবিষ্যত্, ভবিষ্যতের ইলিশ
ইলিশের ভবিষ্যত্ কী বা ভবিষ্যতে
ইলিশ খাওয়া কী রকম হবে—
টিআইএন সার্টিফিকেট
(ইলিশ কেনার জন্য টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে এনআরবি)
খবর দিল পাশের বাসার
শান্তাভাবির ননদ
ইলিশ কেনায় লাগবে এখন
করপ্রদানের সনদ!
নজরদারি
(ইলিশের বাজারগুলোতে নজরদারির ব্যবস্থা করেছে দুদক। কালোটাকার মালিকদের ধরতে চিরুনি অভিযান চালানো হবে)
ইলিশের সব বাজারে দুদক
বাড়ালো নজরদারি
কালোটাকাওলা মানুষ দেখলে
ধরা হবে তাড়াতাড়ি!
লটারি
(যদি লাইগ্যা যায়! যদি লাইগ্যা যায়!)
এক শ টাকার নিন লটারি
ভাগ্যে থাকে যদি
প্রথম পুরস্কার জিতে নিন
ইলিশ-পদ্মা নদীর!
অফার
(এ সুযোগ সীমিত সময়ের জন্য)
ইলিশ কিনুন দুই তিন চার
পাঁচ বছরের মেয়াদে
এই অফারের খবর দিলেন
পাশের বাসার কেয়া দে!
