কাহারোলে শোকাহত পরিবারের পাশে এমপি খালিদ মাহমুদ

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৭:৫৭
দিনাজপুরে কাহারোলে বন্যার পানিতে ডুবে একই পরিবারের চার শিশু মারা যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যদের শান্ত্বনা দিতে তাদের বাড়িতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। 
 
তিনি সোমবার দুপুরে নৌকা যোগে কাহারোল উপজেলার শুকান দিঘী গ্রামে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও পানিতে ডুবে মারা যাওয়া ৪ শিশুর রুহের মাগফিরাত কামনা করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, বিরল উপজেলা চেয়ারম্যান মো. বজলুর রশীদ (কালু), কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. মনসুর আলী সরকার প্রমুখ।
 
পানিতে ডুবে একই পরিবারের ৪ শিশু মারা যাওয়ায় কাহারোল উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা ওই পরিবারকে প্রদান করা হয়।
 
জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির ঈশ্বর গ্রামে গত রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী নানীর বাড়িতে বেড়াতে আসার পথে বন্যার পানিতে ডুবে ঈশ্বর গ্রামের আব্দুর রহমানের মেয়ে চুমকি (১৩), ছেলে সহিদ আলী (১০) ,কন্যা স্মৃতি (৭) ও আব্দুর রহমানের ছোট ভাই সাঈদের ছেলে সিহাদ (৭) মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি