ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ০০:৩৪

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে আব্দুল আজিজ ( ৬০ ) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার রাতে সদর উপজেলার পাকা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাকা গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সোমবার বিকালে আব্দুল আজিজ ভ্যানযোগে নারিকেলবাড়িয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই গ্রামের মতিয়ার রহমান বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মতিয়ার রহমান ভ্যানকে ওভারটেক করার সময় ভ্যানে বসা আব্দুল আজিজকে ধাক্কা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।

রাত ৮ টার দিকে আব্দুল আজিজ বাজারের চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় মতিয়ারের লোকজন তার ওপর হামলা করে। পিটুনীতে আব্দুল আজিজ আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু