কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৪:৪৯
জয়পুরহাটের কালাইয়ে বহুতল ভবন নির্মাণ কাজ করতে গিয়ে মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপার্শ্বের গেটের সামনে এ ঘটনা ঘটে। 
 
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপার্শ্বের গেটের সামনে জামায়াতের কালাই উপজেলা শাখার সাবেক আমির নূরুজ্জামানের বহুতল বভনে নির্মাণ কাজ চলছে। ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করে আসছেন ক্ষেতলাল পৌর শহরের খলিশাগাড়ী মহল্লার মোফার ছেলে জাকের হোসেনসহ (২৬) অন্যরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজমিস্ত্রি জাকের হোসেন ৩ তলায় দেয়াল গাঁথার কাজ করতে যান। পরে মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে কালাই-ক্ষেতলাল সংযোগ সড়কের পাকার উপর পড়ে আহত হন। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 
 
তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে বগুড়ার মহাস্থান নামক স্থানে তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত বছর একই ঘটনায় ওই ভবনে কাজ চলাকালীন তার বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।  নিহতের বিষয় নিশ্চিত করেছেন ডা. আকতারুজ্জামান। 
 
ইত্তেফাক/এমআই