পঞ্চগড়ের বোদায় দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৫:০৭
পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য, নগদ টাকাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ নীলফামারি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। 
 
আটককৃতরা হলেন- জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র জাকিরুল রহমান সুজন (৪০) ও আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার গ্রামের নুর আলমের পুত্র মোখলেছার রহমান বাবু (৩০)। এদের নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, র‌্যাব-১৩ নীলফামারি ক্যাম্পের সদস্যরা সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে এক প্যাকেট হিরোইন, ৯পিস ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র ও ইয়াবা বিক্রির ১ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করে। পরে র‌্যাব-১৩ সদস্যরা তাদের বোদা থানায় সোপর্দ করে। 
 
র‌্যাব-১৩ নীলফামারি ক্যাম্পের এএসপি শাহীনুর কবির দুই সন্ত্রাসীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব নীলফামারি ক্যাম্পের ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করেন। 
 
ইত্তেফাক/এমআই