কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৭:৪৬
 
টাঙ্গাইলের কলিহাতীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত দুইজন উপজেলার দেউপুর গ্রামের আব্দুল করিম (৪৮) এবং তার ছেলে আবু দারদা (২২)।
 
জানা যায়, নিহত আব্দুল করিম দীর্ঘদিন যাবত বাড়িতে লেয়ার ফার্মের ব্যবসা পরিচালনা করে আসছিল। শিয়ালের উৎপাত বেশি হওয়ায় নেটের বেড়ায় রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘটনার দিন সকালে ছেলে আবু দারদা নেটের বেড়া থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এমতাবস্থায় তার পিতা আব্দুল করিম ছেলে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান