যমুনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার।
পানি ভয়াবহ গতিতে বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণের বেশকিছু বাঁধ ফাটল দেখা দিয়েছে। সেসব স্থানে জরুরি মেরামত কাজ অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বগুড়ায় বন্যা কবলিত তিন উপজেলা সারিয়কান্দি, সোনাতলা ও ধুনটের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অপর দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আশ্রয় নেয়া লোকজনের সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই বন্যাকবলিত এলাকা থেকে লোকজন আশ্রয় নিচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর। ইতোমধ্যে প্রায় দুই হাজার সাতশ' পরিবার বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু পয়েন্ট ঝুঁকির মধ্যে রয়েছে বলে বগুড়া পাউবো'র নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন জানিয়েছেন। তিনি জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বাঁধের অন্তত ১০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে মাটি উঁচু করাসহ বালুর বস্তা ফেলে মেরামত করা হয়েছে। অন্যান্য এলাকাতেও সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
ইত্তেফাক/জামান
