লালমনিরহাটে ব্যাংক ডাকাতি করতে এসে নৈশপ্রহরীকে হত্যা

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১১:৪২
লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তিস্তা শাখায় ডাকাতি করতে এসে নৈশ প্রহরী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে (৫৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের গেট খুলে ভিতরে প্রবেশ করে ব্যাংকের ভোল্ট খুলতে ব্যর্থ হওয়ায় নৈশ প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের সদস্যদেরকে চিনতে পাড়ায় নৈশ প্রহরীকে হত্যা করা হয়েছে। নিহত আব্দুর রশিদ তিস্তা এলাকার বাসিন্দা।
 
আজ বুধবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে ব্যাংকটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন।  
 
এ ব্যাপারে পুলিশ সুপার এস এম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির চেষ্টা করা হয়েছিল কিন্তু ভোল্ট খুলতে না পারায় নৈশ প্রহরীকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এমআই