তারাকান্দি-ভূঞাপুর-টাঙ্গাইল সড়ক লিকেজ হয়ে কমপক্ষে ১২ পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করছে। সড়কের লিকেজ বন্ধ করতে মঙ্গলবার দুপুর থেকে কাজ করছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড। তবে যেকোনো সময় সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে তারাকান্দি সড়ক লিকেজ হওয়ায় বুধবার সকাল থেকে ওই সড়কে সকল ভারীযানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে তারাকান্দি থেকে উত্তরবঙ্গ ও দক্ষিনাঞ্চলে সার বহনকারী পরিবহনগুলো বন্ধ রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই গোপালপুর উপজেলার গুলিপেচা এবং ভূঞাপুর উপজেলার চুকাইনগর, অর্জুনা ও কুঠিবয়ড়া পয়েন্টে মারাত্মকভাবে পানি প্রবেশ করছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, তারাকান্দি-ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে বিভিন্ন পয়েন্টে লিকেজ দেখা দিয়েছে। সেগুলো বন্ধ করতে ওই সড়কের ১০টিরও বেশি পয়েন্টে কাজ চলমান রয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. নুরুল আমীন জানান, উপজেলা প্রশাসনকে সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে। জেলায় বরাদ্দকৃত ত্রাণ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা দেয়া হয় সেটাও বলা হয়েছে। বন্যা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত আছেন।
ইত্তেফাক/কেকে
