আরিচাঘাটের পানি বিপৎসীমার ৫৯ সে.মি. উপরে

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৭:০৬
 
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় বুধবার সকালে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ফলে নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমিসহ নতুন নতুন এলাকা।
 
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. আব্দুল হামিদ মিয়া জানান, গত কয়েকদিন যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত কয়েকদিন যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইছামতি, কালিগঙ্গা, ধলেশ্বরীতেও পানি বাড়ছে। এতে দৌলতপুর  উপজেলার চরকাটারী, বাঁচামারা, বাঘুটিয়া, জিয়নপুর  এলাকা প্লাবিত হচ্ছে।
 
এ ব্যাপারে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আলিমুজ্জামান মিয়া জানান, পানিতে বোরো-আমন ধান, রোপার বীজতলা ও শাকসবজি'র জমি ডুবে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় নি।
 
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম জানান, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি।
 
ইত্তেফাক/জামান