বিশ্বব্যাপী দ্রুত গতির ইন্টারনেট দেবে অ্যামাজন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৪৯

আরিফুর রহমান

 

বিশ্বব্যাপী জনপ্রিয় ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান হলো অ্যামাজন। শুধু ই-কমার্স ব্যবসাই না প্রতিষ্ঠানটির রয়েছে- আরো অনেক ধরনের ব্যবসা। সম্প্রতি প্রতিষ্ঠানটি দ্রুত গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।

ঘোষণানুযায়ী, অ্যামাজন ৩২৩৬টি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এজন্য প্রতিষ্ঠানটি একটি প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’ হাতে নিতে যাচ্ছে। এর আওতায় ইন্টারনেট সেবা দিতে চায় তাঁরা। 

অ্যামাজনের পক্ষ  থেকে জানানো হয়, যে সমস্ত এলাকার মানুষ তাদের মৌলিক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত তাদেরকে এই প্রজেক্টের আওতায় আনা হবে এবং দ্রুত গতির ব্রডব্যান্ড সেবা প্রদান করা হবে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি ৩২৩৬টি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবার বিষয়টি নিশ্চিত করেছে বলে গতকাল জানা গিয়েছে। এই ইন্টারনেট সেবা দিতে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ইউনাইটেড নেশন’স ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে প্রজেক্ট কুইপারের সব কাগজপত্র জমা দিয়েছে।

বিশ্বের ৯৫ শতাংশ মানুষকে ইন্টারনেট সেবা দিতে প্রজেক্ট কুইপারে ৭৮৪টি স্যাটেলাইট পৃথিবী থেকে ৩৬৮ মাইল দূরে, ১২৯৬টি স্যাটেলাইট ৩৭৯ মাইল দূরে এবং ১১৫৬টি স্যাটেলাইট ৩৯১ মাইল দূরে পাঠানো হবে বলে জানায় অ্যামাজন। এই পরিকল্পনায় অবশ্য অ্যামাজনকে ইলোন মাস্কের স্পেসএক্স এবং ওয়ানওয়েবের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় যেতে হবে। কারণ, ইতোমধ্যে মাস্কের স্পেসএক্স ১২ হাজার স্যাটেলাইট পাঠানোর জন্য কাজ করছে। আর ওয়ানওয়েব গত ফেব্রুয়ারিতেই ছয়টি স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে। 

স্যাটেলাইট গুচ্ছের মধ্যে কিছু সংখ্যক স্যাটেলাইট উেক্ষপণ করতে চলতি বছরের শুরুতে কানাডা’র টেলিস্যাটের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন প্রধান জেফ বেজোসের রকেট প্রতিষ্ঠান ব্লু অরিজিনও।