সোনাইমুড়িতে মাজারের খাদেমকে হত্যা, আটক ১

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২২:৪৫

নোয়াখালী জেলার সোনাইমুড়িতে একজনকে বুধবার রাতে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সোনা মিয়া (৬০)। তিনি উপজেলার নদোনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আফজাল পাটোয়ারী মাজারের খাদেম। নিহত সোনা মিয়া ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের সময় এলাকাবাসী স্থানীয় নুর মোহাম্মদের ছেলে ইলিয়াছকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

জানা গেছে, সোনা মিয়া দীর্ঘদিন যাবৎ আফজাল পাটোয়ারীর মাজারে খাদেম হিসেবে কাজ করে আসছিলেন। আজ বুধবার রাতে দুর্বৃত্তরা মাজারের ভিতরে ঢুকে সোনা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তারপর গলাকেটে হত্যা করে।

এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোনা মিয়াকে কি কারনে হত্যা করা হয়েছে অথবা তা জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত জনতার হাতে আটক ইলিয়াছকে থানায় নেওয়া হয়েছে। তাকে রাতে জিজ্ঞাসাবাদ করে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নোয়াখালী জেলার পুলিশ সুপার ইলিয়াছ শরিফ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এই সময় এ.এস.পি চাটখিল সার্কেল আবদুল্লাহ আল মাসুম, সোনাইমুড়ির থানার অফিসার ইনচার্জ ইসমাইল মিয়া উপস্থিত ছিলেন।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। এ.এস.পি চাটখিল সার্কেল আবদুল্লাহ আল মাসুম জানান, খাদেম সোনা মিয়ার লাশ থানায় নেওয়া হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

ইত্তেফাক/নূহু