আজ শিল্পী মুর্তজা বশীরের জন্মদিন

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০১:১৯

স্বনামধন্য শিল্পী মুর্তজা বশীরের আজ ৮৫তম জন্মদিন। তিনি একাধারে একজন চিত্রশিল্পী এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা এলাকায়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ঢাকার নবকুমার ইনস্টিটিউশনে শিক্ষাগ্রহণ করেন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত বগুড়ার করোনেশন ইনস্টিটিউশনে শিক্ষা গ্রহণের পর মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৪ সালে ঢাকা গভর্নমেন্ট ইন্সটিটিউট অব আর্টস (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ইতালির ফ্লোরেন্স একাদেমি দেল্লে বেল্লে আরতিতে চিত্রকলা ও ফ্রেস্কো বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং রক্তাক্ত আবুল বরকতকে অন্যদের সঙ্গে হাসপাতালে নিয়ে যান। ২১শে ফেব্রুয়ারির ঘটনার ওপর ‘রক্তাক্ত ২১শে’ শিরোনামে ১৯৫২ সালেই তিনি লিনোকাটে চিত্রটি আঁকেন, যা হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ শীর্ষক সংকলনে ১৯৫৩ সালে প্রথম মুদ্রিত হয়। তাঁর জন্মদিন উপলক্ষে আজ বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নিজস্ব মিলনায়তনে বিশেষ বক্তৃতার আয়োজন করেছে। বক্তৃতা করবেন প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান।

ইত্তেফাক/নূহু