রাজধানীর নিউমার্কেট এলাকার বাসায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মকর্তার স্ত্রী তাসলিমা আক্তারের (৩৪) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্বজনরা বলছেন, দাম্পত্য কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার স্বামী এএসআই আমিরুজ্জামান বিমানবন্দর ইমিগ্রেশনে কর্মরত।
মৃতের ভাই ইমরান হোসেন হাসপাতালে জানান, নিউমার্কেট এলাকায় পুলিশের আবাসিক ভবন ‘নিহারিকা’র অষ্টম তলায় স্বামী ও মেয়েকে নিয়ে থাকতেন তার বোন। সন্ধ্যায় ভগ্নিপতি তাকে ফোন করে ওই বাসায় ডেকে নেন। ইমরান বাসায় গিয়ে জানতে চান কী ঘটেছে। তখন ভগ্নিপতি তাকে বোনের ঘরে যেতে বলেন। তিনি গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেকক্ষণ ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বোনের নিথর দেহ দেখতে পান।
তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার দোয়ারপার এলাকায়। বাবা প্রয়াত রজব আলী বিশ্বাস।
ইত্তেফাক/কেকে
