কুমিল্লায় 'জরুরি সংবাদপত্র' লেখা একটি মাইক্রোবাস থেকে আড়াইশ' বোতল ফেনসিডিলসহ জসিম উদ্দিন ও আ. বারেকসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ওই মাইক্রোবাসে করে মাদকদ্রব্যের একটি বড় চালান যাচ্ছে- এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ইসহাক ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। ঢাকা থেকে বুধবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম অভিমুখী ওই মাইক্রোবাসটি মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর দৌলবাড়ি রাস্তার মাথায় পৌঁছামাত্র ডিবি পুলিশ তা আটক করে এতে তল্লাশি চালায়।
এসময় ওই মাইক্রোবাসে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং দুইজনকে আটক করে। আটককৃতরা হচ্ছেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে জসিম উদ্দিন (৪৭) ও মাদারীপুরের শিবচর উপজেলার চৌদ্দআনী চর গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে আঃ বারেক (৩৪)। জেলা ডিবি'র ওসি একেএম মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
