লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:৪১
 
লালমনিরহাটে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ত্রাণ বিতরণ ও সেনাবাহিনীর মেডিক্যাল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার অনেক নীচ দিয়ে এবং ধরলা নদীর পানি বিপদ সীমার ৫০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর জানায়, জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ পর্যন্ত ২৪২ মে.টন চাল, এক হাজার ৭০০ প্যাকেট শুকনা খাবার ও  আট লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। নতুন করে ১৪০ মেট্রিক টন চাল ও চার লাখ টাকা বিতরণ চলছে। সেনাবাহিনীর মেডিকেল টিম বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য সেবাসহ খাবার স্যালাইন ঔষধ পত্র বিতরণ করছেন।
 
তিস্তা ও ধরলা নদী বন্যায় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ৩৫ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার এক লাখ দুইশ' পরিবার বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী চারটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় প্রায় ২৬ হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে গেছে। লালমনিরহাট-বুড়িমারী রেল পথের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
 
ইত্তেফাক/জামান