প্রবল স্রোতের মধ্যে সেলফি তুলতে গিয়ে দুই কিশোর পানির তোড়ে ভেসে গেছে। বুধবার জামালপুরের মেলান্দহে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
আর এতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জন হয়েছে। এই ১৫ বছর বয়সী দুই কিশোর উমির উদ্দিন বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার জানিয়েছেন, বিদ্যালয় বন্ধ এবং রাস্তাও বন্যায় ডুবে গেছে। এই দুই কিশোরের হয়তো মনে হয়েছে এই অবসরে রাস্তায় সেলফি তুলতে পারলে দারুণ হবে। দুর্ভাগ্যজনকভাবে প্রবল স্রোতের তোড়ে তাদের ভাসিয়ে নিয়ে যায়।
কয়েকজন গ্রামবাসী তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাদের একজনও পানির তোড়ে ভেসে যায়। স্থানীয় পুলিশ প্রধান মাজহারুল করিম জানিয়েছেন, দিনব্যাপী ডাইভারদের চেষ্টায় দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা গেছে। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে প্রবলভাবে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখ মানুষ।
ইত্তেফাক/সাব্বির
