বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সোহাগ কাজী (৩৫) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহাগ কাজী ধুনট উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের রফিকুল ইসলাম কাজীর ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোহাগ কাজী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সোহাগ কাজী ও তার সহযোগী শাওন এবং মনজুর বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
