গোপালগঞ্জের মুকসুদপুরে চালককে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে টেকেরহাট-ফরিদপুর মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী নামক স্থানে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত. ইসমাইল শেখের ছেলে মিজান শেখ (৩৮) বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে মুকসুদপুরে জানাজা পড়তে যান। জানাজা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে হত্যা করে উপজেলার রাঘদী নামক স্থানে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যায়। পুলিশ আজ সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠায়।
ওসি (তদন্ত) জাফর মিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিন্থ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআই
