ঈশ্বরদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন আটক

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৫:২২
ঈশ্বরদীর পুলিশ প্রশাসন মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ জন নারীসহ ২৭ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে ৭ জনকে আটক করা হয়। এসময় ১৮০ গ্রাম হেরোইনও উদ্ধার হয়েছে। গত তিন দিন ধরে গভীর রাতে এই অভিযান চালানো হচ্ছে। রাতব্যাপী পরিচালিত এই অভিযানের সময় শহরের বিভিন্ন এলাকা পুলিশ ঘেরাও করে রাখে।  
 
পুলিশ সূত্রে জানা যায়, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দেশে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক এবং থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ২৭ জনকে গ্রেফতার ছাড়াও ইয়াবা, গাঁজা ও হিরোইন উদ্ধার হয়েছে। অভিযান চলাকালে ওইসব এলাকায় মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেলের তেল চুরির চক্রের দুই সদস্যকে উপকরণসহ শহরের ফতেমোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 
 
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসাবে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে। 
 
থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে চিহ্নিত অপরাধীরা গ্রেফতার হওয়ায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই