নিখোঁজের তিনদিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার, বাবা-ছেলে আটক

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৮:২৯
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে নিখোঁজের তিনদিন পর শুক্রবার সকালে তাজুল ইসলাম (১৭) নামে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুদু মিয়া (৫০) ও তার ছেলে সোহেল মিয়াকে (২০) আটক করা হয়েছে।
 
তাজুল ওই গ্রামের গ্রামের মৃত কারী শফি উদ্দিনের ছেলে। বাড়ির নিকটবর্তী নজরুলের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে।
 
লাশের চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তাজুল ছিল ফুলবাড়ীয়া কলেজের এইচএসসি'র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক বিরোধের জের ধরেই কলেজ ছাত্রকে হত্যা করেই লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে বলে নিহতের মা লাইলী বেগম অভিযোগ করেছে।
 
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার বরুকা গ্রামের মৃত কারী শফি উদ্দিনের ছেলে তাজুল ইসলামের পুকুরে তিন মাস আগে বিষ দিয়ে দুই/তিন লাখ টাকার মাছ নিধন করে কে বা কারা। নজরুল ইসলাম, দুদু মিয়া গংদের আসামি করে তাজুল থানায় একটি লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগ দেয়ার পরও নজরুল সচিবালয়ে চাকরির সুবাদে প্রভাব বিস্তার করায় মাছ নিধনের কোন বিচার পায়নি তাজুল ইসলাম বলে জানান নিহতের মা।
 
গত বুধবার রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে তাজুল ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখোজি করে তাকে না পেয়ে থানাকে জানানো হয়। শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির উত্তর পাশে নজরুলের পুকুরে তাজুল ইসলামের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
 
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাবা-ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান