ব্যথা ছাড়াই ব্যাটিং করেছেন রিয়াদ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:০৮

স্পোর্টস রিপোর্টার

আবাহনী-রূপগঞ্জের অনুশীলন ততক্ষণে শেষ। হাতে রিহ্যাব প্রোগ্রামের কাগজ হাতে একাডেমি মাঠে আসলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিনিট দশেক পর ব্যাট-প্যাড নিয়ে মাঠে হাজির তিনি। সোজা হাঁটা ধরলেন বিসিবি একাডেমি মাঠের নেটে।

কয়েকজন স্পিনার ও একজন পেস বোলার প্রস্তুত মাহমুদউল্লাহকে বোলিং করতে। নিউজিল্যান্ড থেকে কাঁধে ব্যথা নিয়ে ফেরার পর বিশ্রামে ছিলেন তিনি। ২১ দিন পর গতকাল প্রথম ব্যাটিং করলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রায় ৪০ মিনিট ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ।

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করেছেন তার ব্যাটিং। মাঠ ছাড়ার আগে বায়েজিদুল ইসলামও বললেন, ব্যথা ছাড়াই ব্যাটিং করছে। সবকিছুই ভালো এখন।

ব্যাটিং শেষে ফেরার পথে মাহমুদউল্লাহ বলেছেন, কোনো ব্যথা অনুভব করেননি ব্যাটিংয়ে। তিনি বলেন, ‘কোনো ব্যথা ছিল না। শতভাগ দিয়েই ব্যাটিং করতে পেরেছি। ব্যথা নেই, কোনো সমস্যা হয়নি।’ আগামী কয়েকদিনও টানা ব্যাটিং করবেন বলে জানালেন মাহমুদউল্লাহ। তবে বোলিং শুরু করতে সময় লাগবে আরও।

নেটে স্পিনারদের সাবলীলভাবেই সামলেছেন। পেস বোলারের শর্ট বল, বাউন্সারের বিরুদ্ধেও পুল, হুক খেলেছেন মাহমুদউল্লাহ। তাই প্রথম দিনেই কাঁধের ব্যথার কারণে তৈরি হওয়া ভয়টা কেটে গেছে তার।

গত কয়েকদিন ধরেই ফিজিওদের পরামর্শ অনুযায়ী মিরপুর স্টেডিয়ামে জিম, রানিং করছিলেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডে কাঁধে সমস্যা হওয়ায় দেশে ফিরে এমআরআই করিয়েছিলেন। গ্রেড-৩ টিয়ার ধরা পড়েছিল। রিপোর্ট দেখে এই অভিজ্ঞ ক্রিকেটার নিজেই ভয় পেয়েছিলেন। যদিও পরে বিসিবির চিকিত্সকরা আশ্বস্ত করেছেন, এই চোট নিয়েও বিশ্বকাপ খেলা যাবে। শুধু বোলিংয়ে সমস্যা হতে পারে। আর পূর্ণ বিশ্রামে সেরে উঠতে পারবেন।

গতকাল ব্যথা ছাড়াই ব্যাটিং করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর ব্যাটিং করার মধ্য দিয়ে আসলে মাহমুদউল্লাহর বিশ্বকাপ প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেল।