সিসিসির ফুটপাত হকারমুক্ত করার পরিকল্পনা

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৯:৩৩
 
চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ঈদুল আজহার পর বন্দরনগরীর ফুটপাথ ও সড়ক হকারমুক্ত করার পরিকল্পনা নিয়েছে।
 
তিনি বলেন, সিসিসি হকার নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা বৈঠক করে একটা ঐকমত্যে পৌঁছেছে যে, বিকেল পাঁচটার পর যখন রাস্তায় পথচারী ও যানবাহনের সংখ্যা কমে যাবে তখন মার্কেট স্থলের ফুটপাত ও ওয়াকওয়েতে হকাররা তাদের পণ্য বিক্রি করতে পারবে।
 
মেয়র শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে (সিপিসি) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, ‘আমরা ফুটপাথ ও ওয়াকওয়েগুলোতে টাইলস বসিয়ে নতুন করে সাজাবো এবং ১৫ থেকে ২০ হাজার হকারকে পরিচয়পত্র ও রঙ্গিন ছাতা দেব।
 
মেয়র বলেন, ফুটপাত হকারমুক্ত করতে কোন হকারকেই নির্ধারিত সময়ের বাইরে ফুটপাথ দখল করতে দেয়া হবে না। পরিবহন সেক্টরে অশুভ প্রতিযোগিতা বন্ধের লক্ষ্যে নগরীর সকল গণপরিবহনকে একটি একক ব্যবস্থাপনার আওতায় আনা হবে। সড়কের বিভিন্ন স্থানে বিশ্বমানের যাত্রী ছাউনি স্থাপন করা হবে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিসি সভাপতি কলিম সরোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, সাবেক সিপিসি সভাপতি আলী আব্বাস, সিপিসি জিএস শুকলাল দাস ও চট্টগ্রাম জার্নালিস্ট কো-অপারেটিভস হাউজিং সোসাইটির জিএস হাসান ফেরদৌস।
 
ইত্তেফাক/এমআর