কুড়িগ্রামের ফুলবাড়ীতে খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ দুই পক্ষের সাতজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গেটের বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক চাচা আব্দুল মজিদের বাড়ির বাইরের উঠানে বন্যার পানিতে ভিজে যাওয়া খড় শুকাতে যায়। এতে আব্দুল মজিদ বাধা দেন। এ নিয়ে বাক-বিতণ্ডাতার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে একরামুল হক (৩৮), তার স্ত্রী তহমিনা (৩৫), ছোট ভাই শহিদুল (৩২), তার স্ত্রী রানু বেগম (২৫), আব্দুল মজিদ (৫৫), তার স্ত্রী রোকেয়া (৪৫) ও ছেলে মানিক (২২) আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত একরামুল, শহিদুল ও আব্দুল মজিদকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমআই
