বাগেরহাটের শরণখোলায় হরিণের চামড়াসহ সাদ্দাম হোসেন (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রায়েন্দা-তাফালবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাজ্জাক মীরের ছেলে সাদ্দাম হোসেন ওই রাতে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে যাত্রী বেশে হরিণের চামড়া নিয়ে রায়েন্দার দিকে আসছিলো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই কদমতলা এলাকার ছোট হুজুরের মাদরাসার সামনের সড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ সন্দেহভাজন মোটরসাইকেলটি থামিয়ে সাদ্দামের ব্যাগ তল্লাশি করে টেনারী করা (প্রকৃয়াজাতকৃত) হরিণের চামড়াটি উদ্ধার করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম জানায় চামড়াটি সে রায়েন্দা বাজার সংলগ্ন উত্তর কদমতলা গ্রামের দেলোয়ার কমান্ডারের ছেলে চামড়া পাচারকারী আনোয়ার হোসেনের কাছে পৌঁছানোর জন্য এনেছিলো।
এঘটনায় পুলিশ বাদী হয়ে আনোয়ার ও সাদ্দামের নামে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে শিকার করে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর মাংস ও চামড়া পাচার করে আসছে। আনোয়রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
