কাপাসিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২০:৪৭
গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরি করে পালানোর অভিযোগে  শনিবার বিকালে গণপিটুনিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।  
 
নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব এলাকার মোতালেবের ছেলে আলম (৩০)। অপর জনের নাম কালাম (৩৫)। আহত মোকসেদ ঢাকার কেরানিগঞ্জের ইশানবাড়ির রজব আলীর ছেলে।  তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, কালীগঞ্জ উপজেলা থেকে একটি কাভার্ডভ্যানে করে গরু চুরি করে নিয়ে পালাচ্ছিলেন কয়েকজন চোর। পথে কাভার্ডভ্যানটি দুর্ঘটনায় পড়লে দ্রুত পালানোর সময় পথ ভুল করে তারা কাভার্ডভ্যানটি নিয়ে কাপাসিয়া এলাকায় ঢুকে পড়ে। বিকেলে তারা উপজেলার চাদপুর ইউনিয়নের বড়ছিট এলাকার একটি সরু পথে ঢুকে পড়লে আর পালাতে পারেনি। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে একজন মারা যান।
 
ইত্তেফাক/ইউবি