গাজীপুরে ঝুটের আট গুদামে আগুন

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২০:৫২
 
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় শনিবার দুপুরে আগুনে ঝুটের আটটি গুদাম পুড়ে গেছে। জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। এতে কেউ আহত হননি।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, দুপুর দুইটার দিকে আমবাগ এলাকার আব্দুল হালিমের ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনে তার তিনটিসহ পাশে থাকা হারুন মিয়ার একটি, আইয়ুব আলীর দুইটি, আলাল মিয়া একটি এবং দুলাল মিয়ার একটি গুদামে ছড়িয়ে পড়ে।
 
খবর পেয়ে দমকলকর্মীরা ও এলাকাবাসী মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ওইসব গুদামে থাকা ঝুট ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুনে কেউ আহত হয়নি।
 
ইত্তেফাক/জামান