চরাঞ্চলের দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২০:৫৬
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের চরাঞ্চলের দরিদ্র মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন।
 
তিনি বলেন, কিন্তু কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করায় এ কর্মসূচি বাস্তবায়িত হতে পারেনি।
 
বন্যার সময় মানুষের দুর্দশা লাঘবের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপনের কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার চরাঞ্চলের দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
 
এডভোকেট ফজলে রাব্বী মিয়া আজ সকালে জেলার ফুলছড়ি উপজেলার গাবগাছি গ্রামে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।
 
এ সময় কেন্দ্রীয় ১৪ দলের শরিক গণআজাদী লীগের সভাপতি এড. এসকে শিকদার, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. ইসমাইল হোসেন, জাতীয় পার্টি (জেপি)’র সভাপতিমন্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অশোধ ধর ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(একাংশ)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা