গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক ও শালমারায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টার মধ্যে পৃথক এ দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামে রাস্তার পাশের ডোবায় বন্যার পানিতে গোসল করতে নেমে আদুরী (৯) নামের একটি শিশু নিখোঁজ হয়। কিছুক্ষণ পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। আদুরী ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে।
অপরদিকে বেলা ১টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় আমবাড়ী গ্রামে বন্যার পানিতে গোসল করতে নেমে বিদ্যুতের খুঁটিতে চড়ে লাফালাফির এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান (২২) নামের এক যুবক মারা যায়। সে একই গ্রামের আবু বক্করের পুত্র। মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও শালমারা ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার ঘটনা দুটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
