চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০২:৪৭


শনিবার মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের টোল প্লাজায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ মোট পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছেন। নিহতরা হলেন, সোহেল, তার স্ত্রী বিলকিস এবং তাদের দুই শিশু সন্তান শারমিন ও সাব্বির। নিহত অপরজন অটোরিকশাচালক। নগরীতে সোহেলের এক ভাইয়ের বাসায় দাওয়াত খেয়ে রাতে বাড়ি ফিরছিল এই পরিবারটি।

কর্ণফুলি থানার ওসি রফিকুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১২টার দিকে টোল প্লাজায় পরিবারটিকে বহনকারী অটোরিক্সাটি টোল দেওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু