টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি নদীর উপর নির্মিত রেলসেতুর পাড়ের একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেল লাইন মেরামত করে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক করতে ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের প্রধান প্রকৌশলী রমজান আলী। এ কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রবিবারের সব ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেললাইনের স্লিপারের নিচে ৩০ সেন্টিমিটার জুড়ে মাটি ধসে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় আজ রবিবার সকাল ৬টা থেকে ওই রুটগুলোতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রমজান আলী জানান, হঠাৎ রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় ৩০ কিলোমিটার এলাকার স্লিপার পৌলি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় এই লাইনে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পৌলী রেলসেতুর কাছে আটকা পড়েছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস। এদিকে, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।
ইত্তেফাক/এমআই
