ফকিরহাটে দুইজনকে অপহরণ, শ্রমিক লীগ নেতাসহ আটক ৩

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৭:০৭
 
বাগেরহাটের ফকিরহাট বিশ্বরোড মোড়ের মোরিয়ম হোটেল থেকে দুই জনকে অপহরণের ঘটনায় শ্রমিক লীগ নেতা সহ তিন জনকে আটক করেছে পুলিশ।শনিবার রাতে অক্ষত অবস্থায় অপহৃত মংলার বুড়িরডাঙ্গা এলাকার সুশান্ত কুমার রায় ও তাপস ঘোষকে উদ্ধার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
 
আটককৃতরা হলেন, ফকিরহাটের সাতশৈয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ডলার মোল্লা, রাজপাট গ্রামের ইউসুফ আলি সরদারের ছেলে রুবেল সর্দার ও সোনাখালী গ্রামের মোকাম্মেল শেখের ছেলে এসএম এনাম শেখ।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ঢাকা থেকে আসার পথে শনিবার রাত আনুমানিক ২টার দিকে ফকিরহাটের বিশ্ব রোড পৌঁছে মরিয়ম হোটেলে খাবার খাওয়ার সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাদের ভয় দেখিয়ে কৌশলে তাদের অপহরণ করে রাজপাটের এক বাড়িতে নিয়ে আটকে রাখে। এসময় সুশান্ত কুমার রায়ের স্ত্রী মোমিতা রায়ের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
 
সুশান্ত রায়ের স্ত্রী ওই দিন সকালে গোপনে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাদেরকে উদ্ধার করে। এঘটনায় শ্রমিক লীগ নেতা ডলারসহ তিনজনকে আটক করলেও অন্যরা পালিয়েছে। বাগেরহাটের সিনিয়র এ এস পি মিজানুর রহমান জানান, ১২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে মোট পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান