পদ্মার স্রোতে একঘণ্টায় বিধ্বস্ত ১৪ বাড়ি

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:৩৭
 
পদ্মার তীব্র স্রোতে মাত্র একঘণ্টার মধ্যে বিধ্বস্ত হয়েছে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার ১৪টি বাড়ি। এর মধ্যে নিমিষেই পানিতে তলিয়ে গেছে চারটি ঘর। ভাঙন আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিতে ব্যস্ত এলাকার বাসিন্দারা। এলাকাজুড়ে চলছে সর্বস্বহারা মানুষের আহাজারি।
 
এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল। রবিবার রাতে আকস্মিক স্রোত এসে সেখানে থাকা চারটি ঘর মুহূর্তেই নদীতে তলিয়ে নিয়ে যায়। ভেঙে যায় আরও ১০টি ঘর। ভাঙনের ভয়াবহতা দেখে নদীপারের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে। এসময় অন্তত পাঁচজন আহত হয়। এদিকে ঘরে থাকা খাবারটুকু সহ সবকিছু হারিয়ে বাড়ি-ঘরহারা মানুষগুলো যেন একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ পরিস্থিতিতে দ্রুত সরকারি সাহায্য কামনা করেছেন তারা।
 
নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, গত কয়েকদিন ধরে নারিশা পশ্চিমচর অংশ দিয়ে আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। ভাঙনে আতঙ্কে মানুষ দিনরাত কাটাচ্ছে। পানি একটু কমলে ভাঙন আরও বাড়বে। পরিস্থিতি কি যে একমাত্র আল্লাহই জানেন।
 
ইত্তেফাক/জামান