জয়পুরহাটে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:৪০
 
বন্যা কবলিত নিজের জমির ফসল দেখে আর বাড়ি ফিরতে পারলেন না ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি গ্রামের কৃষক আমসের আলী (৫৫)। রবিবার সন্ধ্যার আগে তার মরদেহ উদ্ধার করা হয়। আমসের আলী মিনিগাড়ি গ্রামের জবির উদ্দিনের পুত্র।
 
পারিবারিক সূত্র জানায়, স্থানীয় মিনিগাড়ি ওনারের মাঠে বন্যার পানিতে ডুবে যাওয়া ফসল দেখতে বাড়ি থেকে বের হয়ে যায় আমসের আলী। বন্যার পানিতে ফসলের ক্ষতি দেখে মাথা ঘুরে যায়। এ অবস্থায় সাঁতার কেটে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মারা যান আমসের আলী। বিষয়টি নিশ্চিত করেন মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান।
 
ইত্তেফাক/জামান