ডেমরা থানার ক্লুলেস ভ্যানচালক হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০০:০৮

ডেমরা থানার ক্লুলেস ভ্যানচালক হত্যা মামলার ০৩ আসামিকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের নাম (১) মোঃ বাচ্চু, (২) মোঃ জয়নাল আবেদীন ও (৩) মোঃ জিয়াউর রহমান। এ সময় আসামিদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড-১১-১২৬৭) উদ্ধার করা হয়।

গত ২৭/০৫/১৭খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০টায় ডেমরা থানার ডিএনডি ক্যানেলের পাশে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। ওই দিন তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের পরিচয় উদ্ধার করা হয়। ভিকটিমের নাম ইদ্রিস হাওলাদার। পেশায় সে একজন ভ্যানচালক ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৭/০৫/১৭ তারিখ ভোরে ইদ্রিস হাওলাদার ভ্যানগাড়িতে ফার্নিচার নিয়ে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা করেন। কাঁচপুর ব্রিজ সংলগ্ন মৌচাক এলাকায় পৌছুলে যাত্রাবাড়ী থেকে অনুসরণ করা দুস্কৃতিকারীরা তাকে ভ্যানগাড়ি থেকে নামিয়ে দেয়। একজন দুস্কৃতিকারী মালামালসহ ভ্যানগাড়ি নিয়ে পালিয়ে যায়।

অপরদিকে অন্য আসামিরা মোঃ বাচ্চু, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ জিয়াউর রহমানসহ আরো দুইজন আসামি ভিকটিমকে পিকআপ ভ্যানে তুলে গামছা দিয়ে হাত-পা বেঁধে ও মুখে গামছা ও স্কচটেপ দিয়ে শ্বাসরোধ করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। তারপর তার মৃতদেহ ডিএনডি ক্যানেলে ফেলে চলে যায়।

আজ ২০/০৮/১৭খ্রিঃ তারিখ রাত ১০.৩০ টায় আসামি মোঃ বাচ্চু, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ যথাক্রমে ওয়ারী, শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে। আগামীকাল আসামীদের বিজ্ঞ আদালতে ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তির জন্য প্রেরণ করা  হবে।

ডিসি (ওয়ারী) মোহাম্মদ ফরিদ উদ্দিন এর নিবিড় তত্বাবধানে, এডিসি(ডেমরা) শাহ ইফতেখার আহমেদ এর সহায়তায়, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) ইফতেখায়রুল ইসলাম, উক্ত অভিযানে নেতৃত্ব দেন।

ইত্তেফাক/নূহু