একজন মাদক বিক্রেতা অভিনব কায়দায় অনেকদিন ধরে গাঁজা বিক্রি করে আসছেন। দেখে বোঝার উপায় নেই স্বামী-স্ত্রী মিলেমিশে গাঁজা বিক্রি করে থাকেন। উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী বাসস্ট্যান্ডের ওই মাদক ব্যবসায়ীর নাম আ. হালিম (৪৫)।
জানা গেছে, হালিম ও তার স্ত্রী একটি চায়ের দোকান চালান। চায়ের দোকানে ভালোই ক্রেতা দেখা যায়। সকল ক্রেতাই যুবক শ্রেণির। এতে সন্দেহ দেখা দেয় সকলের।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের একাধিক টিম হালিমের চায়ের দোকানে অভিযান চালায়। অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ হালিমকে গ্রেফতার করা হয়। এ সময় ক্রেতা পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা উপস্থিত জনগণ বলছে এই দোকানে গাঁজা কিনলে চা ফ্রি।
সূত্র জানায়, মাদক কিনতে এসে প্রথমে বসে চা পান করেন। তাই টের পাওয়া যায় না সে চায়ের ক্রেতা না মাদকের ক্রেতা। মাদক বিক্রেতা আগে চা পান করতে দেন। পরে মাদক দেন। গ্রেফতার হালিমকে গতকাল রবিবার নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের বাড়ি রামচন্দ্রদী গ্রামে।
ইত্তেফাক/কেকে
