পাবনার সুজানগর পৌরসভার তিনটি ওয়ার্ড বন্যা কবলিত হয়ে পড়েছে। ওয়ার্ড তিনটি হলো চরভবানীপুর, চরসুজানগর ও চরমানিকদীর। পদ্মা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর পার্শ্ববর্তী ওই তিনটি ওয়ার্ডের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এর মধ্যে চরভবানীপুর ও চরসুজানগর ওয়ার্ডের শতাধিক পরিবারের ঘর-বাড়ী পানিতে তলিয়ে গেছে। এসব পরিবার আশপাশের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে অনেক পরিবার আবার হাঁটু পানি এবং কোমর পানির মধ্যেই মানবেতর জীবন যাপন করছেন।
বানভাসি এ সব পরিবারের টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। তারা দূর থেকে পানি টেনে এনে পান করছেন। পাশাপাশি ওই সকল পরিবারের রান্নাঘর তলিয়ে যাওয়ায় তারা সীমাহীন কষ্ট করে রান্না-বান্না করছেন। বন্যায় সব চেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসি পরিবারের শিক্ষার্থীদের। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা হাঁটু পানি ভেঙ্গে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে।
সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
