আগুনের অতিঝুঁকিতে গাউছিয়া মার্কেট উদাসীন কর্তৃপক্ষ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:২৩

তৃতীয় দফা সতর্কবার্তা ফায়ার সার্ভিসের

রফিকুল ইসলাম রবি

রাজধানীর গাউছিয়া মার্কেটের নূর ম্যানশন শপিং সেন্টারকে অতি অগ্নিঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে এ পর্যন্ত তিনবার সতর্ক বার্তা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তবুও অগ্নি নিরাপত্তা নিয়ে উদাসীন মার্কেট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, তাদের মার্কেটে কোনো অগ্নিঝুঁকি নেই।

সর্বশেষ বৃহস্পতিবার ‘আগুনের ঝুঁকিতে গাউছিয়া ধানমন্ডি হকার্স মার্কেট’ শীর্ষক একটি সংবাদ প্রকাশের পর শুক্রবার মার্কেটটি পরিদর্শনে যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পলাশী সাব-স্টেশনের পরিদর্শন টিম। তারা মার্কেট ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্কতার জন্য ব্যানার টানিয়ে দেয়।

এ বিষয়ে ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এ কে এম শাকিল নেয়াজ ইত্তেফাককে বলেন, অতিঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সচেতনতার জন্য ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে। নূর ম্যানশনে তিনবার নোটিস দেওয়া হয়েছে, তাদের সতর্ক করার পাশাপাশি পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যদি তারা সমস্যা সমাধান না করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাব। তখন কেউ কোনো ছাড় পাবে না।

গাউছিয়া মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বলেন, ৬৫ বছরের পুরাতন মার্কেট গাউছিয়া। এতদিন ধরে ব্যবসা করে আসছি, কখনো আগুনের কোনো ঘটনা ঘটেনি। সমপ্রতি অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা সার্বক্ষণিক অ্যালার্ট আছি। তাই অগ্নিঝুঁকি হওয়ার কোনো কারণ নেই।