মহালছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১২:৪০
 
খাগড়াছড়ির মহালছড়িতে অত্যাধুনিক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। আজ সোমবার ভোর রাত্রে লেমুছড়ি এলাকায় মেজর সালেহ বিন শফির নেতৃত্বে অভিযান চালাতে গিয়ে একদল সন্ত্রাসীর সঙ্গে গুলি বিনিময় হয়। অত্যাধুনিক আমেরিকান তৈরি কোল্ট রাইফেল, একটি ফ্রান্সের তৈরি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ সামরিক সরঞ্জাম রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 
 
স্থানীয় সূত্র ও সেনাবাহিনী হতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, অস্ত্রে সজ্জিত অবস্থায় একদল সন্ত্রাসী বড় ধরণের নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর পরিকল্পনা নিয়ে লেমুছড়ি এলাকায় অবস্থানের কথা জানতে পেরে মহালছড়ি জোন থেকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছলে সেনাবাহিনীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। সেনাবাহিনীরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা অত্যাধুনিক আমেরিকান তৈরি কোল্ট রাইফেল, একটি ফ্রান্সের তৈরি  পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান সামরিক সরঞ্জাম রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 
 
মহালছড়ি জোনের অ্যাডজুডেন্ট লে. মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 
 
ইত্তেফাক/কেকে