তিন গণতন্ত্রপন্থীর মুক্তির দাবিতে উত্তাল হংকং

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৩:৩১
গণতন্ত্রকামী তিন তরুণ প্রতিবাদীর মুক্তি চেয়ে রবিবার হংকং এর পথে নামলেন কয়েক হাজার মানুষ। এসময় বিচারকদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও চীনের অধীনে আছে হংকং। 
IMG0
বৃহস্পতিবার জশুয়া উয়ং (২০), নাথান ল (২৪) ও অ্যালেক্স চৌকে (২৭) ছয় থেকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। গণতন্ত্রের দাবিতে ২০১৪ সালে হংকংয়ে যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল, সেই ‘আমব্রেলা মুভমেন্ট’ এ যুক্ত ছিলেন তারা। হংকং সরকার এখন মনে করছে, এইভাবে বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হলে বার বার শহরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবেন তারা। রায় দিতে গিয়ে আদালত বলেন, নিজেদের আদর্শের জন্য এভাবে আইন ভাঙার এক ‘অস্বাস্থ্যকর ধারা’ তৈরি হচ্ছে।
IMG1
তবে তাদের মুক্তির দাবিতে আপিল আদালতের সামনেই বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এসময় মিছিলকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। বিক্ষোভে প্রায় ২৩ হাজার মানুষ অংশ নিয়েছিলেন বলে ধারণা হংকং পুলিশের। 
IMG2
উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘এক দেশ, দুই পন্থা’ নীতিতে চীন সরকারের নিয়ন্ত্রণে এসেছিল হংকং। হংকংকে চীনের বিচার ব্যবস্থার আওতায় না এনে প্রত্যাশা মতো স্বাধীনতার আশ্বাস দেওয়া হয় সেই সময়। কিন্তু সেই চুক্তি ভেঙে হংকংয়ের উপর ক্রমশ নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু