গৌরীপুরে আন্তঃনগর ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৭:৪৮
ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জ স্টেশনে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা। 
 
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রোববার মধ্যরাতে শ্যামগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি করলে এ ঘটনা ঘটে। তবে হামলায় হতাহত কিংবা ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 
 
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত ১টা ১০ মিনিটে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফরমে প্রবেশ করতেই ৭-৮ জন দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিন ও বগি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের শব্দে যাত্রীরা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 
 
শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিক উদ্দিন বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের পর ট্রেনের চালক ট্রেনটি পিছনে নিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু বড় ধরণের দুর্ঘটনা না হওয়ায়  ট্রেনটি রাতেই ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে।
 
 
ইত্তেফাক/ইউবি