ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের চাষাড়া এবং ফতুল্লা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৩৩৬টি পাখি ও ছানা উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। ইউনিটের পরিচালক মিহির কুমার দে’র নেতৃত্বে একটি টিম গত শুক্রবার এ অভিযান চালায়। গতকাল শনিবার বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক এসব তথ্য জানান। উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে ২৫৫টি মুনিয়া, ৫০টি টিয়া, ১৮টি শালিক, আটটি ঘুঘু ও পাঁচটি ময়না। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়।
