বন্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গড়াসিনে ব্রিজের পশ্চিম পাশের অ্যাপ্রোচ ধসে গেছে। শনিবার সন্ধ্যায় এই ধসের ঘটনা ঘটে। ফলে বন্ধ হয়ে গেছে দেলদুয়ার-ছিলিমপুর রোডের সব ধরনের যানবাহন চলাচল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক বলেন, বন্যায় মাটি ধসের কারেণ প্রথমে অ্যাপ্রোচের মাঝে একটি গর্তের সৃষ্টি হয়। পরে গর্ত বড় হয়ে পশ্চিম পাশের পুরো অ্যাপ্রোচ ধসে যায়। দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হোসেন কবির ও উপজেলা প্রকৌশলী মীর আলী সাকির ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর আলী সাকির বলেন, বর্তমানে পানির চাপ ও গভীরতা বেশি হওয়ায় অস্থায়ীভাবে বাঁশের পাটাতন দিয়ে লোকজনের চলাচলের ব্যবস্থা করা হবে। পরে পানি কমলে স্থায়ী মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
