টাঙ্গাইল প্রতিনিধি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, পরিবেশ অধিদপ্তর সরকারের আলাদা একটি সংস্থা। পরিবেশ বিঘ্নিত হলে পরিবেশ অধিদপ্তর সেখানে আইন প্রয়োগ করে থাকে। পরিবেশ রক্ষা করতে হলে পরিবেশ পুলিশের প্রয়োজন আছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলে পুলিশ অফিসার্স মেস উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, যত্রতত্র রাস্তার আশেপাশে যে পরিমাণ ইটভাটা হচ্ছে তাতে পরিবেশ নষ্ট হচ্ছে। ইটভাটাগুলো যেভাবে মাটির উপরিস্তর নষ্ট করে জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে তাতেও পরিবেশ নষ্ট হচ্ছে। ইটভাটার ধোঁয়াতে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এসময় আইজিপি’র সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে পুলিশের মহাপরিদর্শক পুলিশ অফিসার্স মেস, গোপালপুর সার্কেল অফিস, এসআই কোয়ার্টার সখীপুর, এসআই কোয়ার্টার মির্জাপুর, জেলা পুলিশ হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধন করেন। এছাড়া তিনি জেলা পুলিশ হাসপাতালের ডাক্তার ও নার্স ডরমেটরি এবং সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
